ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে টানা ছয় দিন ছুটি শেষে আবারও শনিবার সকাল থেকে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।
তবে বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. হাসিবুল হাসান জানান, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গত ৩ থেকে ৭ জুলাই পর্যন্ত পাঁচ দিনের জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার সকাল থেকে ভারতে পাথর রফতানির মধ্যদিয়ে আবারও আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।