রাজধানীর গুলশান আর্টিজান বেকারি রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গুলশান হামলার ৯ম দিন শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান ৭৯ নম্বর রোডের মাথায় পুলিশের ব্যারিকেডের সামনে গারো আদিবাসী স্বেচ্ছাবেসক সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
ফুল ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।
বাধন চিরান নামে আদিবাসী সংগঠনের এক সদস্য বলেন, আমরা এখানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। এ ঘটনায় দেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে চাই।
ত্রিপাল চিসিম বলেন, আমরা শুধু শ্রদ্ধা নিবেদন নয়, জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে এসেছি। সবাই একত্রিত হয়ে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে হবে।