রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের পাঁচ জনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে তাদের দাফন সম্পন্ন হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নিহত অটোরিকশা চালক সেকেন্দার আলীর দাফন সম্পন্ন হয়।
শনিবার সকালে চ্যাঙমারী গ্রামে গিয়ে দেখা গেছে, নিহতদের পরিবারে শোকের মাতম। বৃদ্ধ রুহুল আমীন (৭৫) স্ত্রী, ছেলে, মেয়ে, পুত্রবধূ আর নাতিকে হারিয়ে বার বার মুর্ছা যাচ্ছেন।
শুক্রবার বিকেলে রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্ত্রী রওশন আরা (৬০), বড় ছেলে শহিদুল ইসলাম (৩৫), পুত্রবধূ দুলালি বেগম (৩০), মেয়ে শাহনাজ পারভিন (২৪) ও নাতি মোমতাকিন হোসেনকে (৩) হারিয়েছেন বৃদ্ধ রুহুল আমিন। এসময় অটোরিকশা চালকও মারা যান।
ওই রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। রাতে অটোরিকশা চালক সেকেন্দার আলীর দাফন সম্পন্ন হলেও শনিবার সকালে দাফন করা হয় বাকি পাঁচজনের। হাজারো মানুষ জানাজা এবং দাফনে অংশ নেয়।