তাইওয়ানের রাজধানী তাইপেতে একটি ব্যস্ত কমিউটার ট্রেনে পাইপ বোমা বিস্ফোরণের সন্দেহভাজন মূল হোতার পরিচয় প্রকাশ করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম লিন ইঙ চ্যাঙ। ওই বিস্ফোরণে সন্দেহভাজন হামলাকারীসহ অন্ততপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
পুলিশ বলছে, হাসপাতালে চিকিত্সাধীন ওই ব্যক্তি এখনো অচেতন অবস্থায় রয়েছেন। বৃহস্পতিবার দিন শেষে মধ্যরাতের আগে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ওই ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে বিস্ফোরিত পাইপের অংশবিশেষে পাওয়া ছাপের মিল খুঁজে পেয়েছে। কমিউটার ট্রেনের যে বগিতে এটি বিস্ফোরিত হয়েছে সেখানে আহত লিন ইঙ চ্যাঙের পাশেই এটি পড়েছিল।
এই বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এমনকি কোনো গোষ্ঠীর হয়ে নাকি ব্যক্তিগতভাবেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাইপেইয়ের সংসান স্টেশনে ট্রেনটিতে বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী মারাত্মকভাবে পুড়ে যান।
স্থানীয় গণমাধ্যমে পুলিশ ট্রেনের ভেতরে বিস্ফোরক দ্রব্যসহ একটি ভাঙা টিউব পাওয়ার কথা জানিয়েছিল। তাইওয়ানের প্রধানমন্ত্রী লিন চুয়ান এই ঘটনাকে ‘বিদ্বেষপ্রসূত’ বলে ধারণা প্রকাশ করেছেন। -রয়টার্স