সিরাজগঞ্জে ট্রাক উল্টে মাছ ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাক উল্টে রশিদ (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
 
শনিবার বিকেল ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রশিদ ব্যাপারী বগুড়া জেলার আদমদিঘী থানার পশুঙ্গা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় একই এলাকার মজিবর রহমানের ছেলে জিল্লুর রহমান (৩২) গুরুতর আহত হয়েছে। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম জানান, বগুড়া থেকে মাছের পোনাবাহী ট্রাকটি ময়মনসিংহের দিকে যাবার পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে ট্রাকটি উল্টে রাস্তার পাশে গাছের সঙ্গে আটকে যায়। এতে ট্রাকে থাকা দুই মাছ ব্যবসায়ী আহত হন। স্থানীয় আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৩টার দিকে রশিদ ব্যাপারী মারা যান।