বাথ পার্টির সমর্থকদের সেনাবাহিনী থেকে বাদ দেয়া ভুল ছিল

ইরাক দখলের পর যুক্তরাষ্ট্র দেশটির সেনাবাহিনী থেকে সাদ্দাম হোসেনের বাথ পার্টির সমর্থকদের গণহারে বাদ দেয়া সর্বনাশা ভুল ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। চাকরি হারানো ওই সব সেনা সদস্যরাই পরে জঙ্গি গোষ্ঠীতে যোগ দিয়ে এক পর্যায়ে ইসলামিক স্টেট (আইএস) গঠন করে বলে দাবি করেছেন তিনি।
 
হ্যামন্ডকে উদ্ধৃত করে বৃহস্পতিবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের কূটনীতিক পল ব্রেমার ইরাক পরিচালনার দায়িত্বে ছিলেন। তিনি দেশটির সেনাবাহিনীকে ভেঙে ফেলেন, যার ফলে প্রায় চার লাখ সেনা সদস্য চাকরি হারিয়ে পথে বসে যায়।
 
“ব্রেমারের ওই সিদ্ধান্ত পরবর্তীতে সর্বনাশা ভুল বলে প্রমাণিত হয়,” বলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। হাউজ অব কমন্সের ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে হ্যামন্ড তার বক্তব্যের পক্ষে তথ্য-উপাত্ত তুলে ধরেন।
 
তিনি বলেন, “আজকে ইরাকে আমরা যেসব সমস্যা দেখছি তার অনেকগুলোর মূলেই রয়েছে তত্কালীন ইরাকি সেনাবাহিনী ভেঙে (সেনাবাহিনী থেকে সাদ্দামের বাথপার্টির অনুগতদের বের করে দেওয়া) দেয়ার সর্বনাশা ওই সিদ্ধান্ত। “ইরাক যুদ্ধ পরবর্তী পরিকল্পনায় ওটা ছিল বড় ভুল। যদি ওই সময় আমরা অন্যভাবে পরিকল্পনা সাজাতাম তবে আজ হয়তো আমরা অন্যরকম ফল দেখতে পেতাম।”