বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত থাকাকালীন সিলেট সেনানিবাস থেকে পালিয়ে যাওয়া কর্মকর্তা ক্যাপ্টেন উদ্ভাস চাকমাকে ভারতীয় কর্তৃপক্ষের সহায়তায় সম্প্রতি গ্রেফতার করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। আইএসপিআর জানায়, ক্যাপ্টেন উদ্ভাস চাকমা ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে সেনাবাহিনীর একটি কোর্সে অংশগ্রহণের জন্য সিলেটে অবস্থান করছিলেন। কোর্সে অংশগ্রহণরত অবস্থায় ওই বছরের ১২ মে তিনি সিলেট সেনানিবাস থেকে পলায়ন করেন।
পলায়ন পরবর্তী সময়ে তিনি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যোগসাজশে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। গ্রেফতার এড়াতে তিনি পার্বত্য চট্টগ্রাম থেকে পলায়ন করে দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে সস্ত্রীক ভারতের মিজোরামে অবৈধ অনুপ্রবেশ করেন বলে জানা যায়। অফিসারের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। ওই কর্মকর্তার স্থায়ীনিবাস খাগড়াছড়ি জেলায়। খবর- বাসস।