বাংলাদেশে আসা ভারতীয় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে বাংলাদেশ।
গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার কথা স্মরণ করে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জ্যোতির্ময় বর্মণ বলেছেন, এটা খুবই দুঃখজনক যে বাংলাদেশে এমন হামলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকের এই সময়কে শক্তিতে পরিণত করবেন। ঢাকায় পর্যটন ও বাণিজ্য মেলায় এসব কথা বলেন ওই কর্মকর্তা।
তিনি বলেন, পর্যটকদের জন্য বাংলাদেশেকে অনিরাপদ ভাবার কোন কারণ নেই। যেসব ঘটনা ঘটছে তা থামাতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
বাংলাভাষী পর্যটকদের আকৃষ্ট করতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে তিন দিনের অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা করছে সরকার। ২০ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলা আয়োজনকে সফল করতে দেশের বাইরের টুর অপারেটরদের সহায়তা নেয়া হবে।
বাংলাভাষী মানুষদের বাংলাদেশে আসা সহজ করতে কলকাতা, শিলিগুড়ি, আগরতলা ও গোয়াহাটি থেকে ট্রেন ও বাসের রিজার্ভেশনের ব্যবস্থা থাকবে। সেই সঙ্গে বিমানে দিল্লি থেকে সরাসরি ঢাকায় আসার বিমান থাকবে।
গত ১ জুলাই গুলশানে সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত হওয়ার পর ভারতীয় পর্যটকদের আশ্বস্ত করা হল। ওই হামলায় এক জন ভারতীয় নাগরিকসহ ১৭ জন বিদেশি নিহত হন।