ধর্মীয় শিক্ষা নিতে গিয়ে কেরলার ১৫ তরুণ নিখোঁজ

মধ্যপ্রাচ্যে ধর্মীয় পড়াশোনা করতে গিয়ে নিখোঁজ হয়েছেন ভারতের কেরালার কাসারগড় এবং পালাক্কড় জেলার ১৫ জন তরুণ। গত এক মাস ধরে পরিবারের সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই। যারা নিখোঁজ হয়ে গিয়েছেন তাদের মধ্যে বেশির ভাগই উচ্চশিক্ষিত কেউ ইঞ্জিনিয়ার, তো কেউ এমবিএ পাস করা। পরিবারের সন্দেহ, আইএস-এ যোগ দিয়েছে ছেলেরা।
 
একটি ভারতীয় বাংলা দৈনিকের রিপোর্টে বলা হয়েছে, সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনায় দেখা গিয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু এবং কেরালার ওই অল্পবয়সী ছেলেরা আইএস-এ যোগ দিতে সিরিয়ায় পাড়ি দেয়ার উদ্যোগী হয়েছে। কিন্তু ধরা পড়ে গিয়েছে। একটি হোয়াটসঅ্যাপ মেসেজ ওই যুবকদের আইএস-এ যোগ দেয়ার সন্দেহকে আরো দৃঢ় করেছে।
 
কাসারগড় জেলার পঞ্চায়েত সদস্য জানান, নিখোঁজ হয়ে যাওয়া যুবকদের মধ্য থেকে দুজনের পরিবারে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। তার মধ্যে একটিতে লেখা ছিল “আমরা ফিরে আসছি না। আমরা এখন ঐশ্বরিক শাসনের অধীনে। আমাদের সঙ্গে এসো।” অন্য মেসেজে লেখা ছিল “আইএস-এ যোগ দিয়েছি আমেরিকার বিরুদ্ধে লড়াই করার জন্য।” এই দুটি মেসেজের ভিত্তিতেই পরিবারের আশঙ্কা আরো বেড়েছে।
 
আইএস ভারতের বিভিন্ন প্রান্তে নিজেদের নেটওয়ার্ক শক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষিত তরুণদের বেছে বেছে মগজধোলাই করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেরালা থেকে এভাবে ১৫ জনের এক সঙ্গে উধাও হয়ে যাওয়া এবং হোয়াটসঅ্যাপের মেসেজ প্রশাসনকে উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে।