বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে সংবর্ধনা দিয়েছে মাশরাফি ফ্যান ক্লাব নড়াইল। শনিবার মাশরাফির মামার বাড়ির পাশে পারিবারিক পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাশরাফি বিন মর্তুজা ফ্যান্স ক্লাব নড়াইলের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয় দেশের বিভিন্ন জেলার মাশরাফি ভক্তরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, মাশরাফির মামা মো. নাহিদুর রহমানসহ পরিবারের সদস্যরা। বাংলাদেশ ক্রিকেট দলের সফল এই অধিনায়ককে এসময় ক্রেস্ট উপহার দেন মাশরাফি ভক্তরা।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ক্ষুদে ভক্তরা মাশরাফিকে কাছে পেয়ে বিভিন্ন প্রশ্ন করেন। পরে মাশরাফি ভক্তদের প্রশ্নের উত্তর দেন। এসময় ক্ষুদে ভক্তদের সাথে প্রায় ৩০মিনিট সময় দেন ম্যাশ। ঈদের এই ব্যস্ত সময়ে দূর-দুরান্ত থেকে তাকে দেখতে আসার জন্য ভক্তদের ধন্যবাদ জানান মাশরাফি।
মাশরাফিকে সরাসরি এক নজর দেখতে পেরে এবং তার সাথে ক্যামেরা বন্দি হতে পেরে আবেগে-আপ্লুতো হয়ে পড়ে বিভিন্ন জেলা থেকে আগত ভক্তরা।