ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে স্পট ফিক্সিংয়ের সাজা ভোগ করা মোহাম্মদ আমির বিরূপ আচরণের শিকার হবেন বলেই ধারণা করছেন পাকিস্তানি কিংবদন্তী ওয়াসিম আকরাম।
তবে আগামী সপ্তাহে লর্ডস ম্যাচ দিয়ে শুরু হওয়া সিরিজে আমিরই দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দিতে পারেন বলে মনে করছেন আকরাম। ২৪ বছর বয়সী আমিরকে এক সময় ক্রিকেটের সবচেয়ে মেধাবী তরুণ ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হতো। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষেই স্পট ফিক্সিং করে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ও হাজত বাস করার পর আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি।
ছয় বছর পর ১৪ জুলাই ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসেই আবারো তিনি টেস্ট ক্রিকেটে ফিরছেন বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপি’কে আকরাম বলেন, ‘আমিরের জন্য এটা মোটেই সহজ হবে না।’
‘তার প্রতি আমার পরামর্শ হচ্ছে খেলাটিকে উপভোগ করতে হবে। সে সুযোগ পেয়েছে ও দক্ষতা অর্জন করেছে সুতরাং তার সেরাটা দেয়ার জন্য চেষ্টা করতে হবে।’
ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে পুনরায় খেলা ফেরা স্পিনার ইয়াসির শাহর সঙ্গে আমিরের ভাল একটি জুটি গড়ে উঠতে পারে বলেও উল্লেখ করেন আকরাম।
নিজের খেলোয়াড়ী জীবনে স্পিনার মুশতাক আহমেদ এবং সাকলাইন মুশতাকের সঙ্গে কার্যকর জুটি গড়ে তোলা আকরাম বলেন, ‘দলের বোলিং আক্রমণ ভাগের নেতৃত্ব দিতে পারেন আমির। ইয়াসির শাহর মত মানসম্মত স্পিনারও আমাদের আছে। শাহ ফিট থাকলে ভিন্ন ধর্মী বোলিং আক্রমণে তিনিও হতে পারেন তুরুপের তাস।’
ইতোমধ্যেই সিমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন আমির। তবে আমিরকে দলে রাখলে লর্ডসে দর্শকদের কাছ থেকে ‘প্রতিক্রিয়া আসবে’ বলে সতর্ক করেছেন ইংল্যান্ড অধিনায়ক এলিস্টার কুক।
কিন্তু সফরে প্রথম অনুশীলন ম্যাচে সমারসেটের বিপক্ষে চার উইকেট শিকার করে ইতোমধ্যেই নিজের সক্ষমতার আভাস দিয়েছেন আমির। নিজ মাঠে ইংল্যান্ড এগিয়ে থাকবে স্বীকার করে আকরাম বলেন, পাকিস্তানের সবচেয়ে বড় আশা হচ্ছে নিজেদের আক্রমণাত্মক মনোভাব অব্যাহত রাখা।
তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মাঠে প্রোটিয়াসদের হারিয়ে, টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন এবং সর্বশেষ শ্রীলংকারকে হারিয়ে গত ১৮ মাসে স্মরণীয় আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছে ইংল্যান্ড।
তার মতে তাদেরকে হারানোর একমাত্র উপায় হচ্ছে সব বিভাগেই ‘ঢিল মারলে পাটকেল দিয়ে জবাব দেয়া’।
পাকিস্তানের ব্যাটিং লাইনআপে রয়েছেন মিসবাহ উল হক ও ইউনিস খানের মত অভিজ্ঞরা। তবে উভয়েই ক্যারিয়ারের শেষ পর্যায়ে থাকায় এটাই দলের জন্য উদ্বেগের বিষয় বলে মনে করছেন আকরাম।
আকরাম বলেন, ‘পাকিস্তানী ব্যাটসম্যানদের জন্য এটা খুবই কঠিন হবে। জুলাই-আগস্টে বৃষ্টি থাকবে না বলে আমি মনে করছি না। সুতরাং পিচগুলো মোটেই সহজ হবে না। ডিউক বল অনেক বেশি সুয়িং করবে এবং স্লিপে ক্যাচ উঠে যাওয়ার সম্ভাবনা থাকায় ব্যাটসম্যানদের জন্য কঠিন হবে।’