রাজধানীতে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ১ জন গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা শুক্রবার রাতে রাজধানীর ফকিরাপুল এলাকায় চেকপোষ্টে গাড়ি তল্লাশিকালে একটি প্রাইভেট কার থেকে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ১ জন অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে।
 
এ সময় প্রাইভেট কার চালক মোঃ সাইফুল ইসলাম (৫৯)কে আটক করা হয়। তার কাছ থেকে ৩ টি বিদেশী রিভলভার, রিভলভারের ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ সাইফুল ইসলাম নিজেকে একজন বৈধ অস্ত্র ব্যবসায়ী দাবি করলেও তিনি দীর্ঘদিন যাবত বৈধ অস্ত্র ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র কেনাবেচা করে আসছিল বলে র‌্যাব সূত্রে জানা যায়।
 
পরে র‌্যাব সদস্যরা সাইফুল ইসলামের মনিপুরপাড়ার বাসা থেকে ১টি ১২ বোরের শটগান, ১টি জিবিবি (গ্যাস ব্লো ব্যাক সিস্টেম) নন লিথ্যাল পিস্তল, ১টি মোবাইল নেটওয়ার্ক অচল করতে সক্ষম জ্যামার, ১টি টেলিস্কোপিক রাইফেল, ২০ রাউন্ড রাইফেলের গুলি, ৭৫ রাউন্ড শটগানের গুলি, ২০ রাউন্ড পিস্তলের গুলি, ১৩৩ রাউন্ড .২২ বোর গুলি উদ্ধার করে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।