হাসনাতের অবস্থান জানতে আইজি ও কমিশনারের কাছে বাবার চিঠি

গুলশান হামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে নর্থ সাইথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত রেজা করিমকে ডিবি থেকে ছেড়ে দেয়া নিয়ে রহস্য তৈরি হয়েছে। শুক্রবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবদ শেষে ছেড়ে দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
 
এদিকে আজ রবিবার হাসনাত রেজা করিমের বাবা রেজাউল করিম তার ছেলে হাসনাতের সর্বশেষ অবস্থা জানতে চেয়ে পুলিশের আইজি এ কে এম শহীদুল হক ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার কাছে একটি আবেদন পত্র দিয়েছেন। রেজাউল করিম দাবি করেন- গুলশানের হামলার পর সেখান থেকে তার ছেলে ৯ ঘণ্টা পর উদ্ধার হয়। তার ছেলে বাসায় ফিরলেও পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে। এর পর থেকে হাসনাত রেজা করিমের খোঁজ পাওয়া যাচ্ছে না। 
 
বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, তার ছেলে হাসনাতকে ডিবি পুলিশ শুক্রবার রাতে ছেড়ে দিয়েছে। কিন্তু তিনি এখন পর্যন্ত বাসায় ফেরেন নি। তাই তার ছেলে ডিবি হেফাজতে না কি অন্য কোথাও আছে এই বিষয়টি তার পরিবারকে জানানো হোক বলে আবেদন করেন বাবা রেজাউল করিম।