সুজানগরে সন্দেহভাজন ২ জেএমবি সদস্য আটক

 
পাবনার সুজানগরে জিহাদি বইসহ সন্দেহভাজন দুই জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
 
আটককৃতরা হলেন- জেলার সুজানগর উপজেলার গকুলপুর এলাকার খন্দকার আব্দুল গণির ছেলে মো. সানাউল্লাহ (৩৫) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা গ্রামের সাবান আলী আকন্দের ছেলে ওমর ফারুক (২৬)।
 
সুজানগর থানার ওসি মুহাম্মদ নুর ইসলাম জানান, সুজানগর পৌর এলাকার পালপাড়া মহল্লায় সানাউল্লাহর বোনের বাড়িতে শনিবার দিবাগত রাতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন সানাউল্লাহ ও ওমর ফারুকসহ তার সঙ্গীরা। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সানাউল্লাহ ও ওমর ফারুককে আটক করা হয়। 
 
পরে ঘটনাস্থল থেকে কিছু জিহাদি বই উদ্ধার করে পুলিশ। আটক দুইজন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য বলে দাবি পুলিশের। জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের আরো ৪ সহযোগির নাম জানিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
ওসি আরো জানান, এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া বাদী হয়ে আটক দুইজনসহ নামীয় ছয়জন এবং অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।