নারায়ণগঞ্জের আড়াইহাজারে তুচ্ছ ঘটনা নিয়ে বিয়ে বাড়িতে হামলা চালিয়ে নারীসহ অন্তত চারজনকে আহত করা হয়েছে। হামলার সময় লুট করা হয়েছে একটি দোকান। শনিবার দিবাগত রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের চম্পক নগর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার দিন ছিল চম্পক নগর গ্রামের বাবুলের ছেলে আলাউদ্দিনের বিয়ে। বিয়ের পর বিকালে নববধূসহ গাড়ি নিয়ে বাড়ির কাছে আসলে বরযাত্রীর গাড়িবহরে থাকা যাত্রীদের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রিকশা যাত্রী দুদু মিয়ার তর্ক হয়। তর্কের এক পর্যায়ে দুদু মিয়া তার বাড়িতে জানালে রাত ৯টায় দুদু মিয়াসহ ২০/২৫জন লোক বিয়ে বাড়িতে হামলা চালায়।
হামলায় আহত হন সোলায়মান (৩৫), আছমা (২৫), ফাতেমা (২৮) ও লোকমান (৩৮)। এদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, এই ব্যাপারে আ. আউয়াল বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।