এখনই আসছেন না বোলিং কোচ

ক্রিকেট পাড়ায় হঠাৎ গুঞ্জন, চলে এসেছেন বাংলাদেশের বোলিং কোচ। তবে বিসিবি মিডিয়া কমিটি প্রধান জালাল ইউনুস সবাইকে জানিয়ে দিয়েছেন,  ‘বিষয়টি সত্য নয়। স্রেফ গুজব।`
 
তিনি জানান, শনিবার-রবিবারতো নয়ই,আপাতত কোন বিদেশি বোলিং কোচ আসবেন কিনা? তা নিয়েও রয়েছে রাজ্যের সংশয়-সন্দেহ।
 
কোচ নিয়োগ প্রক্রিয়াটা যে স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে হবে, সেই ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান নিজে এ বিষয়ে সন্দেহ পোষণ করেছেন। কোচ নিয়োগ প্রক্রিয়া নিয়ে আকরাম খান বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে নতুন বিদেশি কোচ নিয়োগ প্রক্রিয়া দেরি হতে পারে।’
 
আকরাম আরও জানান, ‘যত ভাল অফারই থাকুক না কেন, এখন যে অস্থির অবস্থা, সেটা কেটে পরিবেশ শান্ত ও স্থিতিশীল হলেই হয়ত কোচ চলে আসবেন। তার আগে খুব সহসাই কারো আসার সম্ভাবনা কম।`
 
বোর্ড কর্তাদের কেউ বোলিং কোচ প্রসঙ্গে কোন তথ্য দিতে না চাইলেও ভিতরের খবর, নতুন বোলিং কোচ নিয়োগ প্রক্রিয়ার কাজ যথেষ্ট এগিয়েছে। কয়েকজনের মধ্য থেকে বোর্ড একটি সংক্ষিপ্ত তালিকাও করে ফেলেছে। জানা গেছে যার সংখ্যা তিন। তবে সেখান থেকেও একজন কাটা পড়বেন। মুলতঃ কথা চলছে দুই জনের সাথে।
 
জানা যায়, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নিজে সেখান থেকে একজনকে বেছে নেবেন। চূড়ান্ত কথা বোর্ড প্রধানের সঙ্গেই হবে।