ফের কলকাতার ক্রিকেটের নেতৃত্বে সৌরভ

ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) এর পরবর্তী সভাপতি হিসেবে সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি নিজের পদ ধরে রাখছেন বলে অনেকটা নিশ্চিত তথ্য পাওয়া গেছে। আগামী ৩১ জুলাই সিএবি’র ৮৫তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির নাম চূড়ান্ত হবে। এখনো পর্যন্ত অবশ্য গাঙ্গুলির বিপক্ষে শক্তিশালী কোন প্রতিদ্বন্দ্বীকে দেখা যায়নি। 
 
গাঙ্গুলির বিপক্ষে সিএবিতে কিছু নতুন মুখ দেখা গেলেও সরকার সমর্থিত তৃণমূল কংগ্রেসের পুরো সমর্থনই রয়েছে গাঙ্গুলি ও তার পরিষদের পক্ষে। সে কারনেই ভারতের অন্যতম সফল এই অধিনায়কের বিপক্ষে কোন প্রার্থী আদৌ প্রার্থীতা ঘোষণা করবে কিনা তা নিয়ে যথেষ্ঠ সন্দেহ রয়েছে। 
 
এদিকে বর্তমান যুগ্ম সম্পাদক পদে অভিষেক ডালমিয়ার বিপক্ষেও কঠিন কোন চ্যালেঞ্জের সম্ভাবনা খুবই কম। মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরাসরি মনোনয়নে সিএবিতে এসেছিলেন অভিষেক। 
 
সিএবি’র একজন মুখপাত্র বলেছেন, নমিনেশন পেপার জমা দেবার শেষ তারিখ ২৩ জুলাই। এই মুহূর্তে তাই নির্দিষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। তার মতে অভিষেকের বিপক্ষে যদি কেউ প্রার্থীতা ঘোষণা ও করে তবে সরকার সমর্থিত পার্টি সেটা মোটেও ভাল চোখে দেখবে না।
 
গাঙ্গুলির অধীনে সিএবি টি২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ও ফাইনাল ম্যাচটি আয়োজনের কৃতিত্ব দেখায়। এর ফলে প্রথমবারের মত এসোসিয়েশন বিশাল অঙ্কের লাভের মুখ দেখেছে। এছাড়া প্রথমবারের মত গোলাপী বলে ম্যাচ আয়োজনেও গাঙ্গুলির নেতৃত্বাধীন পুরো এসোসিয়েশন দারুণ প্রশংসা কুড়িয়েছে।