ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছেন, নতুন কোচ অনিল কুম্বলের অধীনে প্রথম সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাবনার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
গত বছর শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ী সিরিজে ভারতীয় দলের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন অশ্বিন। দুই দলের বিপক্ষে সাত ম্যাচে মোট ৫২ উইকেট শিকার করেছিলেন তিনি।
গত শুক্রবার ৪৪ বছরে পা রাখা গাঙ্গুলি নিজের বাসভবনে সাংবাদিকদের বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে অশ্বিন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন বলে আমি মনে করি।’
এ বছরেরই শুরুর দিকে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপের শিরোপা জয়ের পর গত মাসেই দক্ষিণ আফ্রিকাসহ আয়োজিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হওয়া ছাড়াও মহিলা টি-২০ বিশ্বকাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা জিতে দারুণ একটি বছর পার করে বেশ উজ্জীবিত ওয়েস্ট ইন্ডিজ দল।
গাঙ্গুলি আরো বলেন, ‘তাদেরকে দেখে বেশ শক্তিশালী মনে হচ্ছে এবং বেশ ভাল ফর্মে আছে। কিন্তু ভারতীয় দল তাদেরকে হারানোর ক্ষমতা রাখে বলে আমি মনে করি।’
গাঙ্গুলির মতে নিজ মাঠে সব দলই শক্তিশালী এবং ক্রিকেটে কোন দলকেই হাল্কাভাবে নেয়ার কোন সুযোগ নেই। তারপরও নতুন কোচ কুম্বলের অধীনে প্রথম সফরে ভারতীয় দল ভাল করবে এবং সিরিজ জয়ের ক্ষেত্রে ব্যাটসম্যানদের পাশাপাশি অশ্বিন হয়ে উঠবেন বিরাট কোহলির তুরুপের তাস।