শ্রীলঙ্কার ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই দলের আরও উন্নতির প্রয়োজন আছে বলে মনে করেন দলের অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ। ইংল্যান্ড সফর শেষে দেশে ফিরে একথা বলেন লঙ্কান দলপতি। ইংল্যান্ডে ব্যর্থতার কারণ হিসেবে তিনি বলেন, ‘ফিটনেসের উন্নতির পাশাপাশি সব বিভাগে আমাদের উন্নতি করতে হবে।’
সদ্য শেষ হওয়া সফরে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও এক মাত্র টুয়েন্টি টুয়েন্টি সিরিজে পরাজিত হয় শ্রীলঙ্কা। এ সফরে ওয়ানডে সিরিজের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি সীমিত ওভারের ম্যাচেই কেবলমাত্র জয় পায় উপমহাদেশের দলটি। ইংল্যান্ডের বিপক্ষে কোন ম্যাচই জিততে পারেনি ম্যাথুজের দল। টেস্টে ২-০, ওয়ানডেতে ৩-০ ও একমাত্র টি-১০ ম্যাচ হারে শ্রীলঙ্কা।
তাই ইংল্যান্ডের মাটিতে শ্রীলঙ্কা দলের এমন পারফরমেন্সে ক্ষুব্ধ অধিনায়ক ম্যাথুজ। দেশে ফিরে তিনি বলেন, ‘ফিটনেস একটি গুরুত্বপূর্ণ বিষয়। দলের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং নিয়ে আমি খুবই হতাশ। সব বিভাগেই আমাদের আরও উন্নতি দরকার। জয়ের জন্য যেভাবে খেলা প্রয়োজন সেভাবে আমরা খেলতে পারিনি। এমন পারফরমেন্স খুবই হতাশার।’
এমন হতাশাজনক পারফরমেন্সের পরও অফিসিয়াল ও সমর্থকরা পাশে থাকায় তাদের ধন্যবাদ জানিয়েছেন ম্যাথুজ। খুব শিগগিরই শ্রীলংকা ভালো পারফরমেন্স করে দেখাবে বলে আশ্বাসও দেন ম্যাথুজ।
চলতি মাসের শেষের দিকে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। বর্তমানে টেস্ট ও ওয়ানডের এক নম্বর দল অস্ট্রেলিয়া। আর টেস্ট ও ওয়ানডের র্যাংকিং-এ যথাক্রমে সাত এবং ছয় নম্বরে আছে শ্রীলঙ্কা। তাই আসন্ন সিরিজটি অনেক বেশি চ্যালেঞ্জের হবে বলে মনে করেন ম্যাথুজ।
তিনি বলেন, ‘নিজেদের পরিচিত কন্ডিশনে আমরা খেলবো। তাই কিছুটা সুবিধা আমরা পাবো। তবে সিরিজটি হবে অনেক বড় চ্যালেঞ্জের। কারণ দল হিসেবে অস্ট্রেলিয়া অনেক বেশি শক্তিশালী।’
পাল্লেকেলেতে আগামী ২৬ জুলাই শুরু হবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট।