সারাদেশে নিখোঁজ তরুণদের তথ্য সংগ্রহে নেমেছে পুলিশ

পরিবার থেকে নিখোঁজ থাকা তরুণরাই রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হত্যাকাণ্ড ঘটিয়েছে। এমন প্রমান পাওয়ার পরই নিখোঁজ তরুণদের ব্যাপারে পুলিশ সদর দফতর থেকে থানা পুলিশকে তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুপস্থিত ছাত্রদের ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের এআইজি (গোপনীয়) মো. মনিরুজ্জামান।
 
তিনি জানান, দীর্ঘদিন ধরে যেসব তরুণ-যুবক নিখোঁজ রয়েছে উল্লেখ করে থানায় জিডি হয়েছে তার যাবতীয় তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে।  জিডির হিসাব অনুযায়ী কতজন তরুন ও যুবক নিখোঁজ রয়েছেন -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  তথ্য সংগ্রহের কাজ চলছে। এখনও তথ্য সংগ্রহের রিপোর্ট পর্যন্ত পুলিশ সদর দফতরে আসেনি। আগামী সপ্তাহে নিখোঁজের মোট সংখ্যা জানা সম্ভব হবে বলে তিনি জানান।