'জীবনমান উন্নয়নে এলজিআরডির ভূমিকা অনস্বীকার্য'

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 'দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এলজিআরডি মন্ত্রণালয়ের ভূমিকা অনস্বীকার্য।'
 
তিনি বলেন, 'এলজিআরডি মন্ত্রণালয় জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনসহ সার্বিক সেবাদান কাজে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। বিগত অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এ মন্ত্রণালয়ের অর্জন প্রায় শতকরা ৯৫ ভাগ।' তিনি বলেন, 'ভবিষ্যতেও এ লক্ষ্য অর্জনে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।'
 
মন্ত্রী রবিবার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায়সহ উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
 
মন্ত্রী বলেন, 'দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, প্রবৃদ্ধির হার, গড় আয়ু, বিদ্যুৎ, সুপেয় পানীয় জল সরবরাহ, স্যানিটেশন ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে।' দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা বর্তমান সরকার কর্তৃক সূচিত দেশের সার্বিক উন্নয়নের অগ্রগতি পিছিয়ে দিতে গুপ্তহামলাসহ বিভিন্ন জঙ্গি কার্যক্রম চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
 
তিনি এ সকল জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার একথা বলা হয়। খবর- বাসস।