বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ১০ আগস্ট ধার্য করেছে আদালত।
সোমবার ঢাকার নয় নম্বর বিশেষ জজ মো. আমিনুল ইসলাম প্রাক্তন এ প্রধানমন্ত্রীর পক্ষে সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তিনি জানান, সোমবার মামলাটিতে চার্জ গঠনের ওপর শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে না পারায় এবং মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করায় চার্জ গঠনের শুনানি পেছানোর জন্য সময় আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ১০ আগস্ট ধার্য করেছেন।
এ মামলায় গত বছরের ৩১ নভেম্বর বিচারিক আদালতে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে আদালত খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন।
কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম।