প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার পায়ের রগ কেটে দিয়েছে প্রেমিক

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার পায়ের রগ কেটে দিয়েছে প্রেমিক।
 
সোমবার উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, গোপালপুর গ্রামের  নাহিদ হাওলাদার সাড়ে তিন বছর আগে স্কুলে ১০ম শ্রেণীতে পড়াকালীন একই শ্রেণীর ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। এতে ওই ছাত্রী সাড়া না  দিলে নাহিদ ক্ষিপ্ত হয়। তিন বছর আগে ওই ছাত্রীর অন্যত্র বিয়ে হয়ে যায়।
 
ঘটনার দিন সোমবার সকালে ওই ছাত্রী নাহিদের বাড়ির পাশ দিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি যাচ্ছিল। এ সময় নাহিদ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ওই ছাত্রীর বাম পায়ের রগ কেটে দেয়। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
 
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। নাহিদকে গ্রেফতারের চেষ্টা চলছে।