কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাগর সৈকতে গোসল করতে গিয়ে নিখোঁজ এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মুহাম্মদ আরিফ (১৭) টেকনাফ ইউনিয়নের ডেইলপাড়ার আব্দুল করিমের ছেলে।
রবিবার সন্ধ্যা সাতটার দিকে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়া এলাকায় সাগরে ভেসে থাকা লাশটি উদ্ধার করে পুলিশ।
স্বজনের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার বিকালে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়া সংলগ্ন সাগর সৈকতে ফুটবল খেলতে যায় আরিফ। পরে বন্ধুরা মিলে সমুদ্রে গোসলে নামে। এক পর্যায়ে আরিফসহ তিনজন ভাটার টানে ভেসে যাওয়ার সময় দুইজন সাঁতরে তীরে উঠতে পারলেও আরিফ নিখোঁজ হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।