আগামী পবিত্র ঈদুল আজহা পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিদেশ যাত্রাসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। সোমবার সচিবালয়ে ঈদুল ফিতর পরবর্তী মন্ত্রণালয়ের পর্যালোচনা সভায় এ সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনারা আগামী কোরবানির ঈদ পর্যন্ত কোনো ছুটি নেবেন না। আমি কাউকে বিদেশ যেতে দেবো না। দেশে অনেক কাজ পড়ে আছে। কাজ করেন। আমি আপনাদের কাছে কমিশন চাই না। পার্সেন্টেজ চাই না। কেবল কাজ চাই।
এবারের ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের জন্য কর্মকর্তাদের গাফিলতিকে দোষারোপ করেন মন্ত্রী।
তিনি বলেন, এতো টাকা খরচ করে নবীনগর-চন্দ্রা মহাসড়ক চার লেন বানিয়ে কী লাভ হয়েছে? একটু বৃষ্টি হলেই চার লেন খানা-খন্দকে ভরে যায়।
এ অবস্থার জন্য দায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সচিবকে নির্দেশ দেন ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের চলমান প্রকল্পে যারা ভালো করেছেন তাদের পুরস্কার প্রাপ্য। যারা ব্যর্থ হয়েছেন তারা লঘু ও গুরু শাস্তি পাবেন।