কৃষি গবেষণা ইনস্টিটিউট আইনের খসড়া অনুমোদন

কৃষি খাতে তথ্য-প্রযুক্তির ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় গবেষণা কার্যক্রমের সুযোগ সৃষ্টি করে আইন তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। 
 
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।
 
পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠায় ১৯৭৬ সালে অধ্যাদেশ জারির পর ১৯৮৪ ও ১৯৯৬ সালে দুই দফা তা সংশোধন করা হয়।
 
উচ্চ আদালত সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল করায় সামরিক আমলের জারি করা অধ্যাদেশগুলোও বাতিল হয়ে যায়।
 
পাশাপাশি কৃষি গবেষণাকে ‘আরও আধুনিক ও যুযোপযোগী’ করার বিষয়টি মাথায় রেখে এই খসড়া করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কৃষি গবেষণা ১৯৭৬ সালে যেখানে ছিল, এখন আর সেখানে নেই। পৃথিবী অনেক এগিয়ে গেছে। নতুন পরিস্থিতির সাথে তাল মেলাতে সক্ষমতা বাড়ানোর জন্য এটা করা হয়েছে।