একাত্তরে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগে ময়মনসিংহের জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নানসহ আটজনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আজ সোমবার দুপুরে ধানমন্ডিস্থ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে এ কথা জানান প্রধান সমন্বয়ক সানাউল হক।
তিনি জানান, মানবতাবিরোধী অপরাধ মামলায় জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নান ও তার পুত্র রফিক সাজ্জাদসহ আটজনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, আটক ও নির্যাতনের প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাপার সংসদ সদস্য হান্নান ছাড়া বাকি সাত আসামি হলেন- রফিক সাজ্জাদ, খন্দকার গোলাম সাব্বির, খন্দকার গোলাম রব্বানি, মিজানুর রহমান, হরমুজ আলী, ফকরুজ্জামান ও আবদুস সাত্তার।
আট আসামির মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বাকি তিনজন পলাতক।
এর আগে গত বছরের ১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় ছেলেসহ সংসদ সদস্য হান্নানকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।