প্রধানমন্ত্রীর সঙ্গে নিশা দেশাইয়ের বৈঠক চলছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। 
 
সোমবার বিকেল ৫টার দিকে গণভবনে আসেন নিশা দেশাই বিসওয়াল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 
 
এর আগে রবিবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ঢাকায় আসেন। 
 
উল্লেখ্য, দুই মাসের ব্যবধানে ঢাকায় নিশা দেশাইয়ের এটি দ্বিতীয় সফর। যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নান মারা যাওয়ার ঘটনায় গত মে মাসে ঢাকায় এসেছিলেন নিশা দেশাই। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন নিশা।
 
১ জুলাই গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলা ও ঈদুল ফিতরের দিন শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রেক্ষাপটে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের বিষয়টি নিশার এ সফরে প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে।