কুমিল্লায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক

 
কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ নাসির মজুমদার নামের এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। সোমবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর ভুলুইন ইউনিয়নের উত্তর হাজতীয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের সাবেক মেম্বার হাবিবুর রহমান মজুমদারের ছেলে।
 
জানা যায়, সোমবার ভোর ৪টার দিকে কুমিল্লাস্থ র‌্যাব-১১ এর একটি দল নাসির মজুমদারের (৩৫) বাড়িতে অভিযান চালায়। এসময় র‌্যাব তার ঘরে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড তাজা গুলি, ১টি ওয়ান শুটারগান, ২টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ছুরি, রাম দা ও দেশিয় অস্ত্রশস্ত্রসহ হাতেনাতে তাকে আটক করে। 
 
র‌্যাব-১১ এর অধিনায়ক মেজর মো. মোস্তফা কায়জার জানান, আটক নাসির মজুমদার একজন চিহ্নিত সন্ত্রাসী এবং সীমান্ত এলাকা হতে দীর্ঘদিন ধরে অস্ত্র পাচার করে দেশের বিভিন্ন স্থানে অস্ত্র কেনা-বেচা ও এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা অস্ত্র আইনে মামলা হয়েছে।