জ্যামাইকাকে এগিয়ে নিতে চান সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জ্যামাইকা তালওয়াসের হয়ে এখন পর্যন্ত জয় ও হার দুটিই দেখেছেন। বল ও ব্যাট হাতে রেখেছেন অবদান।
 
সিপিএলে তিন ম্যাচের দুটিতে জিতেছে জ্যামাইকা; অন্যটি হেরেছে সাকিবের দল। তিন ম্যাচে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার, দুই ইনিংসে করেছেন ৩২ রান।
 
সিপিএল টি-টোয়েন্টি ডটকমকে তিনি জানান, টুর্নামেন্ট তারা যেভাবে এগোচ্ছেন তাতে তিনি খুশি। তিনি বলেন, ‘একজন অলরাউন্ডারের জন্য টি-টোয়েন্টি ক্রিকেট চ্যালেঞ্জ। তবে এই ধরনের চ্যালেঞ্জ আমি ভালোবাসি। অবশ্যই আমি আরও বেশি অবদান রাখতে চাই। তবে এই মুহূর্তে যা হচ্ছে তাতে আমি খুশি। তবে দল হিসেবে বা আমার নিজেরও উন্নতির অনেক সুযোগ রয়েছে।’
 
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য গর্বের। বাংলাদেশের সব মানুষ ক্রিকেট ভক্ত আর তারা খেলাটিতে ভালোবাসে। তাই, তারা আমাকে সিপিএলে সমর্থন করবে।’
 
বিশ্বের বিভিন্ন দেশে টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিয়মিত খেলেন সাকিব। সিপিএলে খেলছেন এ নিয়ে দ্বিতীয়বার। তিনি মনে করেন, উপভোগ্য হবে এই টুর্নামেন্ট। তিনি বলেন, ‘এখন পর্যন্ত সিপিএল খুব ভালো এগোচ্ছে। আশা করি, এটা দিন দিন আরও ভালো হবে। আশা করি, অনেক রান হবে, অনেক ছক্কা হবে, অনেক উইকেট পড়বে, যা দর্শকরা উপভোগ করবে। সিপিএলে ঘরের মাঠে প্রতি ম্যাচে প্রচুর দর্শক হয়। আশা করি, অন্য যে সব ভেন্যুতে খেলব সেখানেও তাই থাকবে।’