আইএসবিরোধী রণনীতি ঠিক করতে বাগদাদে পেন্টাগন প্রধান

পেন্টাগন প্রধান অ্যাস্টন কার্টার সোমবার এখানে এসে পৌঁছেছেন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই এবং জিহাদিদের কাছ থেকে মসুল পুনর্দখলের পরিকল্পনা নিয়ে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির সঙ্গে আলোচনার জন্য ইরাক সফরে গেলেন তিনি।
 
ইরাকি বাহিনী মসুলের দক্ষিণের একটি বিমান ঘাঁটি দখলের দুই দিন পর কার্টার এ সফর করছেন। তবে আগে তিনি তার এ সফরের কথা ঘোষণা করেননি। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর এটা ইরাকে তার চতুর্থ সফর।
 
সফরের আগে একটি সামরিক বিমানে কার্টার সাংবাদিকদের বলেন, মসুলে আইএসকে ধ্বংস ও নগরীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য পরিচালিত অভিযানে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে প্রধানমন্ত্রী আবাদি ও আমাদের কমান্ডারদের সঙ্গে আলোচনা করা হবে।