দক্ষিণ সুদানের রাজধানীতে নতুন করে শুরু হওয়া সংঘর্ষের প্রেক্ষাপটে রুদ্ধদ্বার বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রাজধানী জুবার বিভিন্ন এলাকায় সাবেক বিদ্রোহী ও সৈন্যদের মধ্যে লড়াইয়ে বহু মানুষ নিহত হওয়ার পর এ বৈঠক হয়েছে।
বৈঠকে যাওয়ার সময় ব্রিটেনের উপ-স্থায়ী প্রতিনিধি পিটার উইলসন বলেন, জুবায় যে সহিংসতা হচ্ছে তার দ্ব্যর্থহীন নিন্দা জানানো জরুরী এবং এটা নিশ্চিত করতে হবে যে জাতিসংঘ মিশনের প্রতি নিরাপত্তা পরিষদের ব্যাপক সমর্থন রয়েছে। এছাড়া সহিংসতা বন্ধে আমরা যে দেশটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি তাও নিশ্চিত করতে হবে।
ফ্রান্সের জাতিসংঘ দূত ফ্রাঁসোয়া দেলাত্তে হতাশা প্রকাশ করেছেন। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এর আগে বলেন, জুবায় সরকার ও সাবেক বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনি শোকাহত ও দুঃখ পেয়েছেন। তিনি উভয় পক্ষকে সহিংসতা বন্ধের আহবান জানান।
২০১১ সালের জুলাইতে সুদান থেকে স্বাধীনতা লাভের পর থেকে দ. সুদানের মানুষ শান্তির চেয়ে যুদ্ধই বেশি দেখেছেন। ২০১৩ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট সালভা কির ভাইস প্রেসিডেন্ট রিক ম্যাচারের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগ তোলার পর গৃহযুদ্ধ শুরু হয়। -এএফপি