সিলেটের জৈন্তাপুরে চারদিন খাঁচায় বন্ধি থাকার পর বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানরটি উদ্ধার করেছে সিলেট বন বিভাগ। বানরটি লাউয়াছড়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।
জাতীয়, স্থানীয় ও গণমাধ্যমে খবর প্রকাশের পর সোমবার বেলা ১১টায় সিলেট বন বিভাগ উদ্যোগে সারী রেঞ্জ কর্মকর্তা নাসির মোহাম্মদের নেতৃত্বে ডিবির হাওর গ্রামের রসময় বিশ্বাসের ছেলে লীলময় বিশ্বাস (৪৫) বাড়ি থেকে লজ্জাবতী বানরটি উদ্ধারে করা হয়।
লীলাময় বিশ্বাস জানান, শিশুরা বাঁশ ঝাড় হতে বানরটি আটক করে খেলা করছিল। তিনি দেখতে পেয়ে শিশুদের কবল হতে বানরটি উদ্ধার করেন। পরে স্থানীয় সংবাদকর্মীর মাধ্যমে বানরটি বন বিভাগের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ জানান।
এ বিয়য়ে নাসির মোহাম্মদ বলেন, ‘আমি বিভাগীয় কর্মকর্তার নির্দেশে বানরটি উদ্ধার করলাম। বানরটি বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে প্রেরণ করা হবে। পরে বানরটি লাউয়াছড়া সংরক্ষিত বন ভূমিতে অবমুক্ত করা হবে।’