দুর্নীতি তদন্তের মুখে চীনা বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তা

চীন বিমান বাহিনীর অবসর প্রাপ্ত এক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হচ্ছে। দেশটিতে উচ্চ পর্যায়ের কর্মকর্তার ক্ষেত্রে দুর্নীতি অভিযোগ তদন্তের এটি সর্বশেষ ঘটনা।
 
পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) অনুমোদিত সরকারি নিউজ সাইটে সপ্তাহান্তে বলা হয়, আইন লঙ্ঘন করায় বিমান বাহিনীর সাবেক রাজনৈতিক কমিসার (বিভাগীয় প্রধান) তিয়ান শিউজির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে তদন্তের ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
 
ক্ষমতায় আসার পর থেকেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সামরিক বাহিনীর ওপর ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পদক্ষেপ নেন। কমিউনিস্ট পার্টিতে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের ব্যাপারেও কঠোর অবস্থান নেন প্রেসিডেন্ট। শুরু করেন দুর্নীতি বিরোধী ব্যাপক প্রচারণা।
 
তার মেয়াদে পিএলএ ও সশস্ত্র পুলিশ বাহিনীর প্রায় ৫০ জন সিনিয়র কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হয় বা তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হয়। এদের মধ্যে সামরিক বাহিনীর দুই থেকে তিনজন কর্মকর্তা রয়েছেন।