বগুড়ার গাবতলীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ হত্যাকান্ড ঘটে। পরে প্রতিবেশীরা স্বামী ফুল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে ফুল মিয়া গ্রামের একটি জানাজায় অংশ নেয়ার জন্য গোসলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সে তার স্ত্রী রুবি বেগমকে নতুন লুঙ্গি বের করে দিতে বলে। রুবি বেগম সংসারের কাজে ব্যস্ত থাকায় লুঙ্গি দিতে দেরি হলে ফুল মিয়া ক্ষিপ্ত হয়ে বটি দিয়ে স্ত্রী রুবী বেগমকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা ফুল মিয়াকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ফুল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
প্রতিবেশীরা জানায়, ফুল মিয়া একজন জুয়াড়ু এবং মাদকাসক্ত ব্যক্তি। ফুল মিয়া ও রুবি বেগমের সংসারে ৭ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
গাবতলী মডেল থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, আটক ফুল মিয়াকে থানা হাজতে রাখা হয়েছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।