যুক্তরাষ্ট্র ভ্রমণে নাগরিকদের সতর্ক করল ৩ দেশ

পুলিশের গুলিতে কয়েকজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে সৃষ্ট বিক্ষোভ-সহিংসতার মধ্যে দেশটিতে ভ্রমণের বিষয়ে এবার নিজ নাগরিকদের সতর্ক করল বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রে উদ্ভূত পরিস্থিতিতে রবিবার নাগরিকদের প্রথম সতর্ক করে বাহামা।
 
সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে থাকা দেশগুলো ভ্রমণে নিজ নাগরিকদের সতর্ক করে নিয়মিত ভ্রমণ সতর্কতা জারি করে থাকে যুক্তরাষ্ট্র। এসব সতর্কতার মধ্যে ওই দেশগুলোতে ভ্রমণ এড়িয়ে যেতে অথবা ভ্রমণের সময় সতর্ক থাকতে নাগরিকদের পরামর্শ দেয় দেশটি।
 
এবার যুক্তরাষ্ট্র নিজেই বিদেশি সরকারদের ভ্রমণ সতর্কতা জারির কারণ হল। দেশটির লুইজিয়ানা ও মিনেসোটা অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হওয়ার পর থেকে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ চলছে। এতে কোথাও কোথাও সহিংসতার ঘটনাও ঘটছে।
 
টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে এ রকম এক প্রতিবাদ বিক্ষোভ চলার সময় বৃহস্পতিবার এক কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর গুলিতে পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত ও অপর সাতজন আহত হন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দেশগুলো যুক্তরাষ্ট্র ভ্রমণরত নিজ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
 
শনিবার এক টুইটার বার্তায় বাহরাইন তার নাগরিকদের ‘যুক্তরাষ্ট্রে যেসব প্রতিবাদ চলছে এবং যেখানে লোক সমাগম ঘটছে’ সেসব জায়গা এড়িয়ে চলার ও সেগুলোর বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
 
অপরদিকে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের সতর্কতা জানানোর ভাষা প্রায় অনুসরণ করে যুক্তরাষ্ট্রে থাকা নিজ দেশের শিক্ষার্থী ও অন্য নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। -রয়টার্স