দীর্ঘ অবকাশ শেষে মঙ্গলবার সুপ্রিম কোর্ট খুলছে। যদিও অবকাশকালীন সময়ে হাইকোর্টের বেশ কয়েকটি বেঞ্চে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। খোলা ছিলো আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালত।
অবকাশের পর সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা হাইকোর্টের ২১টি বেঞ্চ পুনর্গঠন করেছেন। আদেশ অনুযায়ী আগামীকাল থেকে এসব দ্বৈত ও একক বেঞ্চ কার্যকর হবে।
পুনর্গঠন অনুযায়ী বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া; বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদ; বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. ইকবাল কবির; বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি সহিদুল করিম; বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আমির হোসেন; বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি এসএইচএম নুরুল হুদা জায়গীরদার; বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চকে গ্রহণযোগ্য ফৌজদারি মোশন এবং বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ; বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আতাউর রহমান খান; বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিল; বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাস; বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি জেএন দেব চৌধুরীকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে সকল প্রকাশ রিট মোশন শুনানির এখতিয়ার প্রদান করা হয়েছে। প্রসঙ্গত গত ১৭ জুন থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে অবকাশ শুরু হয়।