ব্রিটেনে প্রধানমন্ত্রী হওয়ার পথে টেরিজা মে

কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা এবং যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী টেরিজা মে। প্রধানমন্ত্রীর দৌড় থেকে হঠাৎ করেই জ্বালানিমন্ত্রী আন্ড্রে লিডসম সরে দাঁড়ানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন টেরিজা। খবর-বিবিসির।
 
প্রধানমন্ত্রী হতে দলের ভেতরেই ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল আন্ড্রে লিডসম ও তার প্রতিপক্ষ টেরিজা মে’র। এ নির্বাচনের ফল প্রকাশের কথা ছিল ৯ সেপ্টেম্বরে। কনজারভেটিভ পার্টির প্রায় এক লাখ ৫০ হাজার সদস্যের এতে ভোট দেয়ার কথা ছিল।
 
কিন্তু সে প্রক্রিয়া শুরুর আগেই লিডসমের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা টেরিজা মে’র জন্য দ্রুত প্রধানমন্ত্রী হওয়ার দ্বার খুলে দিল।
 
লিডসম ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে সফল প্রচার চালিয়ে জনগণের কাছে পরিচিতি পেয়েছিলেন।