নালিতাবাড়ীতে দুপক্ষের মধ্যে সংঘর্ষে নিহত ১

নালিতাবাড়ী উপজেলার  সমশচুড়া গ্রামে সোমবার দুপুরে দুপক্ষের সংঘর্ষে  একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।
 
নিহত ময়েজ উদ্দিন (৫৫) সমশচুড়া গ্রামের মৃত দৌলত ফকিরের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত ময়েজ উদ্দিনের স্ত্রী জেলেহা বেগম (৪০),  তার ছেলে হাবিব (১৭) ও মেয়ে রুবিনাকে (১৪) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। আহত অন্যদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জানা গেছে, দেড় একর জমি নিয়ে ময়েজ উদ্দিনের সঙ্গে প্রতিবেশী তালেব মিয়ার বিরোধ চলছিল। দুপক্ষই জমি তাদের দাবি করে আসছিল। স্থানীয় চেয়ারম্যান ও সমাজপতিরা এ নিয়ে কয়েক দফায় বৈঠকে বসে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হন।
 
সোমবার সকাল ১০টার দিকে ওই জমিতে গরু নিয়ে হালচাষ করতে যান ময়েজ উদ্দিন। খবর পেয়ে একই সময়ে তালেব আলী ট্রাক্টর নিয়ে জমি চাষ করতে আসেন। এ সময় উভয়পক্ষে বাকবিতণ্ডার এক পর্যায়ে ময়েজ উদ্দিনের ওপর হামলা করে। ময়েজ উদ্দিনকে বাঁচাতে এলে তার স্ত্রী  ছেলে-মেয়ের ওপরেও হামলা করে প্রতিপক্ষের লোকজন। স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ময়েজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।