জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বর্তমানে বৈশ্বিক সমস্যা: র‌্যাব মহাপরিচালক

 
র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বর্তমানে বৈশ্বিক সমস্যা। বর্তমানে এশিয়া পেসিফিকের প্রায় ৪৭টি দেশে জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। একযোগে সবাইকে কাজ করতে হবে।
 
সোমবার র‌্যাব সদর দফতরের সম্মেলন কক্ষে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদসহ সকল ধরনের অপরাধ দমনে উদ্বোধন করা হয় মোবাইল অ্যাপ্লি­কেশন ‘রিপোর্ট টু র‌্যাব’। অ্যাপসটির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
 
‘রিপোর্ট টু র‌্যাব’ অ্যাপটির প্রসঙ্গে র‌্যাব মহাপরিচালক বলেন, এর মাধ্যমে যে কেউ র‌্যাবকে তথ্য দিয়ে সহায়তা করতে পারবেন। ফেসবুক, টুইটার, ব্লগ বা অনলাইনে কোনো জঙ্গিবাদী কার্যক্রম বা প্রচারণা দেখলে সেটার ‘স্ক্রিন শট’ নিয়ে র‌্যাবকে পাঠান। প্রযুক্তি দিয়ে সেটার মোকাবেলার ব্যবস্থা করা হবে।
 
বেনজীর আহমেদ বলেন, সোশ্যাল মিডিয়ার কারণে বাংলাদেশে দ্রুত সন্ত্রাস ও জঙ্গিবাদের তত্পরতা বেড়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারে তাই সবাইকে সচেতন হতে হবে।
 

র‌্যাব ডিজি বলেন, জেএমবি দীর্ঘদিন ঘাপটি মেরে ছিল। ২০০৪ সালে একবার আমরা বড় ধরনের হুমকির মুখোমুখি হয়েছিলাম। গুলশান হামলার মতো ঘটনা গত ৪০/৪৫ বছরে বাংলাদেশের কোনো অভিজ্ঞতা নেই। শোলাকিয়ার ঘটনায় জড়িত শফিউলের বিরুদ্ধে এর আগেও চারটি হত্যা মামলা ছিল। তবে একটিতে শফিউল গ্রেফতার ছিল না। ওই ঘটনায়ও জেএমবি জড়িত। ঘটনাটি এখনো তদন্তাধীন। তদন্ত শেষে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। নিখোঁজ তরুণরাই গুলশানের ঘটনায় জড়িত থাকার পর সারাদেশ থেকে উঠে আসে বেশ কয়েকটি মিসিং (নিখোঁজ) এর নাম। এদের মধ্যে কেউ কেউ আত্মপ্রকাশ করেছে জঙ্গি সদস্য হিসেবে। যারাই মিসিং থাকুক, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদে জড়িত থাক না কেন, র‌্যাব-পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীকে জানান, শক্ত হাতে ব্যবস্থা নেয়া হবে।