চুয়াডাঙ্গায় পান ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক পান ব্যবসায়ীকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যার চেষ্টা করেছে।  ঘটনার শিকার গুরুতর জখম খাইরুল ইসলাম (৪৮) জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার শালিকা গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।  খাইরুল উপজেলার গাংনী ইউনিয়নের শালিকা গ্রামের মৃত আলম মণ্ডলের ছেলে।
 
এলাকাবাসী জানান, রাত আটটার দিকে বাড়ি থেকে বের হলে এর কিছুক্ষণ পরই বাড়ির অদূরে একটি মাঠে তাকে গলা কেটে হত্যা চেষ্টা করা হয়।
 
জখম খাইরুলের স্ত্রী ফুলজান বেগম জানান, ঘটনার আগে ৬০ হাজার টাকা নিয়ে খাইরুল বাড়ি থেকে বের হন।
 
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে  জানান, তদন্তের পরিপ্রেক্ষিতে প্রকৃত রহস্য উন্মোচিত হবে।