গলফার সিদ্দিকুর সরাসরি অলিম্পিক গেমসে খেলবেন

 
গলফার সিদ্দিকুর রহমান বিকাল বেলা কুর্মিটোলা গলফ কোর্সে খেলছিলেন আর ভাবছিলেন সন্ধ্যায় এসে যাবে অলিম্পিক গেমসে যাওয়ার খবরটি। আর এই উৎকণ্ঠায় দিনভর সিদ্দিকুরের ফোনটা ব্যস্ত, ক্ষণে ক্ষণে ফোন আসছিল শুভাকাঙ্ক্ষীদের, সংবাদ মাধ্যম কর্মীদের। সবার প্রশ্ন কখন জানা যাবে সেই সংবাদ। শেষ পর্যন্ত গতকাল সোমবার রাতে নিশ্চিত হলেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান, তিনি অলিম্পিক গেমসে যাচ্ছেন। কোনো ওয়াইল্ড কার্ড নয়, যোগ্যতার ভিত্তিতেই সরাসরি অলিম্পিকে যাওয়ার সুযোগ এসেছে সিদ্দিকুর রহমানের।
 
রাতে নিজেই ফোন করে খবরটা জানিয়ে বলেছেন, ‘হ্যাঁ আমি খেলছি। আপনারা ভালো খবরটা জানিয়ে দিন। আমি সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাচ্ছি।’ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো ক্রীড়াবিদ সরাসরি অলিম্পিক গেমসে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তিনি গলফার সিদ্দিকুর রহমান। বাংলাদেশ থেকে অন্য ক্রীড়াবিদরা যাচ্ছেন ওয়াইল্ড কার্ড নিয়ে।
 
ব্রাজিলের শহর রিওতে অলিম্পিক গেমসের আসর বসবে ৫-২১ আগস্ট। মেয়েদের গলফ খেলাটা হবে ১৭-২০ আগস্ট এবং পুরুষদের লড়াই হবে ১১-১৪ আগস্ট। পুরুষ এবং মহিলা আসরে লড়াই করবে ৬০ জন করে গলফার। গলফ অলিম্পিক র‌্যাঙ্কিংয়ে ৬০ জনের মধ্যে থাকলেই সরাসরি অলিম্পিক গেমসে খেলার দুয়ার খুলে যায়। সন্ধ্যার আগ পর্যন্ত বাংলাদেশের কৃতী গলফার সিদ্দিকুরের নামটা ৫৩ নম্বর স্থানে ছিল। রাতে র‌্যাঙ্কিংয়ে নতুন তালিকা প্রকাশ করলে গলফার সিদ্দিকুর রহমানের নামটা ৫৬ নম্বরে এসে থামে।
 
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন হতে জানানো হয়েছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও বাংলাদেশকে জানিয়ে রেখেছিল ৬০ জন গলফার সরাসরি অলিম্পিকে খেলবে।