আমানউল্লাহ আমানের জামিন আপিলেও বহাল

 
নাশকতার চার মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমানের জামিন আপিলে বহাল রাখা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ জামিন স্থগিত বিষয়ে রাষ্ট্রপক্ষে আনা আবেদন নিস্পত্তি করে আদেশ দেয়।
 
আমানুল্লাহ আমানের আইনজীবী আতিকুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।
 
আদালতে আমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সগীর হোসেন লিওন ও আতিকুর রহমান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।
 
এর আগে গত বছরের ৩১ আগস্ট একটি হাইকোর্ট বেঞ্চ আমানের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। ২০১৫ সালের বিএনপির ডাকা অবরোধ ও হরতাল চলাকালীন নাশকতায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা দুইটি এবং ওয়ারি থানায় দায়ের করা অপর দুটি মামলায় হাইকোর্ট তাকে জামিন দেয়। হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। ঐ আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ আজ আদেশ দেয়।