দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন কে.এ.এম মাজেদুর রহমান। মঙ্গলবার তিনি ডিএসইর দ্বিতীয় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
গত ১৯ জুন ৮২৯তম বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ তাকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়। ডিএসই বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশন্স ২০১৩ অনুযায়ী গত ২৭ জুন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠায়। কমিশন গত ৩০ জুন তার নিয়োগের অনুমোদন দেয়।
পুঁজিবাজার অপারেশন, স্ট্র্যাটেজিক প্ল্যানিং বিজনেস ডেভেলপমেন্ট এবং ব্যালেন্স শিট ম্যানেজমেন্টে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন মাজেদুর রহমান পেশাগত জীবনে দেশি-বিদেশি বিভিন্ন ব্যাংকে দীর্ঘ ৩৩ বছর কাজ করেছেন। ডিএসইতে যোগদানের পূর্বে তিনি আমেরিকাভিত্তিক ই-কারেন্সি মিন্ট ইনকর্পোরেশনের কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
ব্যাংকিং জগতে তিনি সর্বশেষ প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। এর আগে মাজেদুর রহমান ব্যাংক আল-ফালাহ লিমিটেডের কান্ট্রি হেড, এবি ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, আইপিডিসি বাংলাদেশ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হেড অব অপারেশন এন্ড এইচ আর এবং হেড অব রিটেইল ব্যাংকিং, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। -বাসস।