ঢাকার ধলেশ্বরী নদীর তীরে থাকা দ্বীন ফার্নিচারের কারাখানার স্থাপনা অপসারণ করতে হাইকোর্টের দেওয়া নির্দেশনা বহাল রয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দ্বীন ফার্নিচারের পক্ষে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেয়।
রিট আবেদনকারীপক্ষের আইনজীবী মনজিল মোরসেদ জানিয়েছেন, আপিল খারিজ করার ফলে ধলেশ্বরী নদীর তীরে থাকা ঐ স্থাপনা অপসারণে আর কোনো আইনগত বাধা থাকল না। নদী জরিপের পিলার ১১ ও ১২ এর মাঝে ৯০ ী ১৫০ বর্গফুট জায়গা জুড়ে নদীর তীরে কারাখানাটির স্থাপনা।
ধলেশ্বরী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে গত বছরের ২৩ নভেম্বর হাইকোর্টে রিট আবেদন করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। প্রাথমিক শুনানি নিয়ে ৩ জানুয়ারি হাইকোর্ট রুল দেয়ার পাশাপাশি সার্ভে টিম গঠন করে জরিপ চালাতে নির্দেশ দেয়।
ঐ নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রশাসন তিন সদস্যের কমিটি গঠন করে চলতি বছরের ৮ মে আদালতে প্রতিবেদন দাখিল করে, যাতে দ্বীন ফার্নিচারের অবৈধ স্থাপনা আছে বলে নিশ্চিত করা হয়।
এ বিষয়ে শুনানি নিয়ে হাই কোর্ট ২৫ মে আরেক আদেশে ঐসব স্থাপনা ৩০ দিনের মধ্যে অপসারণ করতে নির্দেশ দেয়।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দ্বীন ফার্নিচার কর্তৃপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করলে আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায়। ১৬ জুন শুনানি শেষ হওয়ার পর আজ আপিল বিভাগ আদেশ দেয়।
আদালতে দ্বীন ফার্নিচারের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও আইনজীবী মো. আবদুল হান্নান।