চট্টগ্রামে ৪ ‘আনসারউল্লাহ সদস্য’ রিমান্ডে

 
চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্রেফতার আনসারউল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন চার সদস্যকে পাঁচদিনের রিমান্ড পেয়েছে পুলিশ। মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত বিচারিক হাকিম আ স ম শহিদুল্লাহ কায়সার এই রিমান্ড মঞ্জুর করেন।
 
তারা হলেন- মুসআব ইবনে উমাইর (২৫), মো. শিপন ওরফে ফয়সাল (২৫), খোরশেদ আলম (৩১) ও রাসেল মো. ইসলাম (৪১)।
 
আদালত পুলিশের পরিদর্শক মশিউর রহমান জানান, গ্রেফতারকৃতদের সীতাকুন্ড থানার সন্ত্রাস দমন আইনের মামলায় আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেককে পাঁচদিন করে রিমান্ডে দেয়।
 
গত রবিবার রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড থেকে তাদের গ্রেফতারের কথা জানায় পুলিশ। তাদের কাছ থেকে চারটি চাপাতি, চারটি কিরিচ, ছয়টি মোবাইল ও একটি করে ল্যাপটপ ও ট্যাব এবং সরকারবিরোধী ও জঙ্গি সমর্থক বেশকিছু তথ্য পাওয়ার কথাও জানানো হয়।