সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও গুপ্তহত্যাকে বিগত সময়ের পেট্রোল বোমা হামলার নতুন সংস্করণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
গুলশান ও শোলাকিয়ার সন্ত্রাসী হামলা ও দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যার কথা তুলে ধরে হাছান মাহমুদ বলেন, এ ধরনের ঘটনার বেনিফিশারি হচ্ছেন বেগম খালেদা জিয়া। শুধু শুধু আইএস-এর কথা বলা হচ্ছে। আমাদের দেশে কোনো আইএস নেই।
তিনি বলেন, বাংলাদেশের সন্ত্রাসী হামলা ও হত্যাকান্ড রাজনৈতিক। এ ধরনের হত্যাকান্ডের পেছনে খালেদা জিয়া ও তার নেতৃত্বাধীন জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে। দেশের অগ্রগতি ও শান্তি নষ্ট করার ষড়যন্ত্র চলছে। এসব হামলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সংগঠনের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম ও অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।