বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে ভোটার হওয়ার মধ্য দিয়ে। লালমনিরহাট জেলার পাটগ্রাম, হাতীবান্ধা ও জেলা সদর উপজেলার নয় ইউনিয়নের বিলুপ্ত ৫৯ ছিটমহলের ১০ হাজার তিন শ সাত অধিবাসীর মধ্যে উপযুক্তদেরকে ভোটার করে নেয়ার জন্য এরই মধ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারীরা কাজ করছেন। ১০ জুলাই থেকে শুরু করে আগামী ১৬ জুলাই পর্যন্ত ২৫ জন তথ্য সংগ্রহকারী ও ছয়জন সুপার ভাইজার ভোটার এলাকায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ করছে।
লালমনিরহাট জেলা ও পাটগ্রাম উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত বছরের ৩১ জুলাই বাংলাদেশ-ভারতের ভেতরে ১৬২টি ছিটমহল বিনিময় বাস্তবায়ন হয়। চুক্তিনুযায়ী বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১১১টি ভারতীয় ছিটমহল বাংলাদেশের সঙ্গে যুক্ত হয় এবং ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের সঙ্গে যুক্ত হয়। এরই মধ্যে লালমনিরহাট জেলার ৫৯ ছিটমহলের বাসিন্দাদের ভোটার তালিকার কাজ চলছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নুর কুতুবুল আলম জোংড়া ইউনিয়নের বিলুপ্ত ১১৯ বাঁশকাটা ছিটমহলে তথ্য সংগ্রহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
বিলুপ্ত ভারত-বাংলাদেশ বিনিময় সমন্বয় কেন্দ্রীয় কমিটি ও ছিটমহল ইউনাইটেড কাউন্সিলের চেয়ারম্যান গোলাম মতিন রুমি বলেন, ‘নাগরিকত্ব ও ভোটাধিকারের দাবি দীর্ঘদিনের। এটি বাস্তবায়নে সরকারের কাছে কৃতজ্ঞতা জানাই।’
উপজেলার বিলুপ্ত ০৪ নং বড়খেঙ্গির ছিটমহল বর্তমান মুজিব-ইন্দিরা নগরের মোসলেমা বেগম বলেন, ‘অনেক দিনের আশা পূরণ করায় সরকারকে ধন্যবাদ জানাই। এলা হামা ভোট দিবার পামো। পরিচয়পত্র পামো এটা খুব আনন্দের বিষয়।’
পাটগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোটার তালিকা থেকে যেন কোনো ছিটমহলবাসী বাদ না পড়েন সেজন্য সর্বত্র মাইকিং করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তথ্য সংগ্রহের কাজ শেষে বিলুপ্ত ছিটমহলগুলোতে ১৭ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত ভোটারদের ছবি তোলা ও জাতীয় পরিচয়পত্রের কাজ চলবে। ১ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। সংশোধন করা যাবে ২৮ জুলাই পর্যন্ত। ০৪ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ওই দিনই বিলুপ্ত ছিটমহলের নাগরিকদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেয়া হবে।
পাটগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাবুজ্জামান বলেন, ‘পাটগ্রাম উপজেলার সাতটি ইউনিয়নের ৫৫টি বিলুপ্ত ছিটমহলের মধ্যে জনবসতিপূর্ণ ৩৬টির অধিবাসীদেরকে ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্ত করতে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার কাজ করছে।