নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা (৩২) উপজেলার ঘোড়াগাও গ্রামের মরম আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক একেএম আবুল কাশেম এ রায় দেন। বর্তমানে আসামি পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সদর উপজেলার দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া এক কলেজ ছাত্রীকে (১৮) পুলিশের চাকরি দেয়ার কথা বলে মাসুদ রানা ওই ছাত্রীর পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা নেন। এরপর ৪ মার্চ ওই ছাত্রীকে পুলিশ লাইনসে নিয়ে দাঁড় করানো হবে এ কথা বলে মাসুদ ছাত্রীর বাড়ি থেকে তাকে মোটরসাইকেলে করে কলমাকান্দা উপজেলায় চেমটি এলাকায় একটি পাহারের কাছে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ঘটনার পরের দিন ওই ছাত্রী নিজে বাদী হয়ে মাসুদ মিয়াকে আসামি করে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ একই বছরের ২২ মে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত সাতজনের সাক্ষ্য গ্রহণ করে।