মিয়ানমারের পাচার হওয়া ১৯ নাগরিককে থাইল্যান্ডে উদ্ধার করা হয়েছে। সরকারি সংবাদ মাধ্যম ও একটি অ্যাক্টিভিস্ট গ্রুপ মঙ্গলবার এ কথা জানায়।
পাচারের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত এ এলাকায় উদ্ধারের ঘটনাটিকে পুলিশের একটি ব্যতিক্রমী সফলতা হিসেবে দেখা হচ্ছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পাত্তানি জেলায় রবিবার ইন্দোনেশীয় পতাকাবাহী একটি মাছধরা নৌকায় এদের আটকে রাখা হয়। সরকার পরিচালিত গ্লোবাল নিউ লাইট অব মায়ানমার এ সংবাদ প্রকাশ করে।
নৌকায় আটকে থাকা কোন কোন নাগরিকের পরিবার থাইল্যান্ডে মায়ানমার এসোসিয়েশনকে তাদের দুরবস্থার কথা জানালে পুলিশ অভিযান চালিয়ে এদের উদ্ধার করে। এসোসিয়েশনের পরিচালক কিয়ং থাং বলেন, পাচার হওয়া এসব নাগরিকের অধিকাংশই তরুণ। কারো কারো বয়স মাত্র ১৩ বছর।
ব্যাংককে কাজ পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে তাদের পাচার করা হয়। কিন্তু পরে মাছ ধরা নৌকায় তাদের আটকে রাখে। প্রায় ১০ দিন ধরে তারা ওই নৌকায় আটকে ছিল। ঘটনাস্থল থেকে একজন বার্মিজ দালালকে এ ঘটনায় আটক করা হয়েছে বলে তিনি জানান। এএফপি।